ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় জেসমিন আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে শিশুটিকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ নেওয়ার পথে তারাকান্দা এলাকায় পৌঁছালে শিশুটির অবস্থার আরও অবনতি ঘটে। পরে তাকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জেসমিন আক্তার ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের আশি পাঁচ কাহনিয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।