নিজস্ব প্রতিবেদক : সিটি করপোরেশন মালিকানাধীন রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এ অবৈধ দোকান অপসারণে পঞ্চম দিনের মতো অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে এই অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সিটি করপোরশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন।
ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, সিটি করপোরেশন মালিকানাধীন এই মার্কেটে ৯১১টি নকশাবহির্ভূত বা অবৈধ দোকান রয়েছে। এসব দোকান মার্কেটের সিঁড়ি, হাটা-চলার পথ, টয়লেট, লিফটের জায়গা, ফুটপাতে করা হয়েছে। তাই ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশে গত মঙ্গলবার থেকে এই মার্কেটে অভিযান চলছে। ইতোমধ্যে দুই-তৃতীয়াংশ অবৈধ দোকান গুঁড়িয়ে দেয়া হয়েছে।
প্রয়োজনে আরও কয়েকদিন এই মার্কেটে অভিযান চালানো হবে বলে জাগো নিউজকে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান আহমেদ।