ভারতের আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শনিবার (৮ জুলাই) ১ দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্টে দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে বলে জানানো হয়।
শনিবার (৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি জানান, ভারতের আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শনিবার হিলি বন্দর দিয়ে ভারত পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। ভারতের হিলি এক্সপোর্টস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলীপ সরকার স্বাক্ষরিত পত্রের মাধ্যমে আমাদের বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত করেছেন। পত্রে উল্লেখিত বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে, আগামী রোববার (৯ জুলাই) থেকে আবারও দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে।
হিলি বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ ঢাকা প্রতিদিনকে বলেন, ভারতের আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ১ দিন বন্দর দিয়ে ভারত থেকে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে।