আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদীয় আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে চান বিশিষ্ট শিল্পপতি ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব আব্দুস সাত্তার। ইতিমধ্যে রাজশাহী-৫ আসনের বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন, বুকলেট ও লিফলেট বিতরণসহ গণসংযোগ করতে দেখা গেছে। এই আসনের সাধারণ নেতাকর্মীদের দাবি, যে ক’জন মনোনয়ন প্রত্যাশি রয়েছেন তাদের মধ্যে আলহাজ্ব আব্দুস সাত্তার হেভিওয়েট প্রার্থী।
মনোনয়নের ব্যাপারে কতটুকু আশাবাদী জানতে চাইলে আলহাজ্ব আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, ছাত্রজীবন থেকেই মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়েছি। শহীদ জিয়ার ১৯ দফা, বিশেষ করে খাল খনন কর্মসূচি, রাস্তা-ঘাট ও অবকাঠামো নির্মাণ কর্মসূচি, কৃষি উন্নয়ন কর্মসূচি, জনশক্তি রপ্তানিসহ নানা কর্মসূচি আমাকে অনুপ্রাণিত করেছে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে আমি দুর্গাপুর-পুঠিয়ায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলকে শক্তিশালী করেছি। ৩১ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে বুকলেট ও লিফলেট বিতরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করে চলেছি। এছাড়াও এলাকায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তাঘাট সংস্কার, টিউবওয়েল ও সাবমার্সিবল পাম্প স্থাপন করে খাবার পানির ব্যবস্থা করা, অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সহযোগীতা, কন্যা দায়গ্রস্থ পিতাকে সহায়তা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসচ্ছল পরিবারের ছাত্র ছাত্রীদের ভর্তি ফি, বেতন ও বই কেনায় সহযোগীতা করা, মাদ্রাসার এতিম ছাত্রদের জামাকাপড় প্রদান, মসজিদ ও মাদ্রাসার নির্মানে ও উন্নয়নে সহায়তা প্রদান ইত্যাদি জনকল্যাণ মূলক কাজগুলো করে যাচ্ছি।
আব্দুস সাত্তার আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতাকর্মীদের নানাভাবে সহযোগিতা করেছি। আমার প্রাণের সংগঠন বিএনপি আমাকে দলীয় মনোনয়ন দিলে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবো বলে আমি শতভাগ আশাবাদী।