অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুনামগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা-কর্মীরা।
আজ শনিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
বেলা বাড়ার সাথে সাথে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের জেলা শাখার ব্যানারে আইনজীবীদের একটি মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছায়। এ সময় নেতা-কর্মীদের কণ্ঠে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান শোনা যায়। মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এরপর সংগঠনের পক্ষ থেকে আইনজীবীরা সারিবদ্ধভাবে শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বাঙালির জাতীয় মুক্তি সংগ্রামের প্রথম সোপান ছিল ভাষা আন্দোলন। আর ‘জয় বাংলা’ কোনো দলীয় স্লোগান নয়, এটি আমাদের জাতীয় জাগরণের প্রতীক। তারা অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এই শ্রদ্ধা নিবেদন ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী অঙ্গনের পরিচিত মুখ এডভোকেট খায়রুল কবির রুমেন, এডভোকেট আব্দুল করিম,এডভোকেট নান্টু রায়, এডভোকেট কাচা মিয়া,এডভোকেট আব্দুল খালেক সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত আইনজীবীরা কিছুক্ষণ শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করেন এবং ভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং কর্মসূচি সমাপ্ত করে তারা মিনার এলাকা ত্যাগ করেন।