শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জাধীন গজনী বন-এর গজনী বিটের গান্ধীগাঁও মৌজার বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা তিনটি বসতবাড়ি উচ্ছেদ করেছে বন বিভাগ। ১৮ ফেব্রুয়ারী বুধবার বিকেলে ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জ এর সহকারী বন সংরক্ষক এস বি তানভীর আহমেদ ইমন এর নেতৃত্বে গজনী বিট কর্মকর্তা ও বন প্রহরীদের সমন্বিত দল গজনী বনবিট এলাকা সংলগ্ন গান্ধীগাও উত্তরপাড়া শালবাগানে অবৈধ ভাবে নির্মাণাধীন ৩ টি বসত ঘর উচ্ছেদ করে তা বিনষ্ট করতে জ্বালিয়ে দিয়েছেন।
শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকদের একটি অনুসন্ধানী দল সরেজমিনে খোঁজ নিয়ে দেখতে পায় গারো পাহাড়ের উত্তর গান্ধীগাও শালবাগানের শাল গাছ সাবাড় করে সেখানে বহিরাগত দুলাল মিয়ার স্ত্রী উর্মিলা খাতুন একটি টিনের ছাপড়া ঘর তুলে বসবাস করার প্রস্তুতি নিচ্ছিলেন। এজন্য তিনি বিস্তীর্ন বনভূমি কেটে সাবাড় করে সেখানে একটি খোলা পায়খানা ও একটি কূপ খননও করেছিলেন। এছাড়া পাশেও আরও দুটি বসত নির্মাণের প্রস্তুতি চলছিলো।
পরে সাংবাদিকগণ বিষয়টি নিয়ে ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জ এর সহকারী বন সংরক্ষক এস বি তানভীর আহমেদ ইমন এর সাথে কথা বললে তিনি তাৎক্ষণিক ভাবে অভিযান চালিয়ে তা গুড়িয়ে দেন।
এব্যাপারে এসবি তানভীর আহমেদ ইমনের সাথে কথা বললে তিনি বলেন, আগে অভিযান করে তা উচ্ছেদ করি। তারপর আপনাদের সাথে কথা বলবো।