সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ শনিবার (৮ মার্চ) শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।
আলোচনা সভায় নারীর অধিকার, লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান এবং কন্যাশিশুর সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বক্তারা সমাজে নারীর অগ্রগতি ও তাদের ক্ষমতায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং নারীর প্রতি বিদ্যমান বৈষম্য দূর করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, সাবেক সহকারী অধ্যাপক শাহানা হামিদ, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ছামিউল আযম মনির, সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা কামাল, এনজিও সমন্বয়কারী গাজী আল-ইমরান, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী প্রমূখ। এ সময়্ম জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমাজে উল্লেখযোগ্য অবদান রাখা ৫ জন নারীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, নারী দিবস উদযাপনের এই ধরনের উদ্যোগ নারীদের আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং সমাজে নারীর সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।