সাতক্ষীরার শ্যামনগরে পৃথক দুটি অভিযানে একজন মাদক ব্যবসায়ী এবং একজন মাদক ক্রেতাকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামের মৃত জাহের আলীর ছেলে আরিফুজ্জামান আইলু (৩৬) এবং কালিগঞ্জ উপজেলার রহিমপুর গ্রামের মৃত শেখ সাহাবুদ্দীনের ছেলে মিজানুর রহমান (৩৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামে অভিযানে গিয়ে আরিফুজ্জামান আইলুর বাড়ি তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা, ৪ বোতল ফেনসিডিল এবং ১৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই রাতে শ্যামনগর উপজেলার পরানপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। মদ ক্রয় করে নিয়ে আসার সময় তাকে আটক করেন শ্যামনগর থানার উপ-পরিদর্শক সজীব আহমেদ।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবীর মোল্লা জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযানগুলো পরিচালিত হয়। অভিযানে একজন মাদক ব্যবসায়ী এবং একজন মাদক ক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলবে। মাদক নির্মূলের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণের মাঝে মাদকের বিরুদ্ধে পুলিশি এই অভিযান প্রশংসিত হয়েছে। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, মাদকের বিস্তার রোধে এ ধরনের উদ্যোগ আরও জোরদার হবে।