বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনের জন্য সারাদেশ থেকে তিনজন শিক্ষকের একটি প্যানেল ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেই তালিকায় স্থান পেয়েছেন বগুড়ার সোনাতলার আমলীতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়েশা সিদ্দিকা।
রোববার (২১ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মুহম্মদ আব্দুল হাই স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্যানেলে আরও আছেন নারায়ণগঞ্জের ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি. আর বিলকিস এবং রাঙামাটি সদর উপজেলার শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইফফাত জাহান।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৫ অনুযায়ী শিক্ষকদের অবদান, নিষ্ঠা ও কর্মদক্ষতা মূল্যায়ন করে গুণী শিক্ষক নির্বাচন করা হচ্ছে। এর মাধ্যমে চূড়ান্তভাবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হবে।
এ বিষয়ে শিক্ষিকা আয়েশা সিদ্দিকা বলেন, এমন স্বীকৃতি আমার জন্য অনুপ্রেরণা। এই সম্মান পুরো আমলীতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনাতলার মানুষের। যারা আমাকে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ স্বীকৃতি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষক সমাজকে আরও উৎসাহিত করবে।