শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বগুড়ার সোনাতলা উপজেলায় এ বছর ৪৮টি পূজা মণ্ডপে চলছে দুর্গাপূজা। উৎসবমুখর পরিবেশে প্রতিটি মণ্ডপে ভক্তরা দেবী দুর্গার আরাধনায় ব্যস্ত সময় পার করছেন।
পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা সরেজমিন ঘুরে দেখতে সোমবার বিকালে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্বীকৃতি প্রামানিক, সদর ইউনিয়নের ৪টি ও মধুপুর ইউনিয়নের দু’টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। সার্বিক বিষয়ে দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে সোনাতলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রওশন কবির, সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, মধুপুর ইউপি চেয়ারম্যান আবদুল আলিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক, সোনাতলা প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন উপস্থিত ছিলেন। এছাড়াও সোনাতলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সঙ্গে ছিলেন।
ইউএনও স্বীকৃতি প্রামানিক বলেন, “শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার—এমন সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই আমরা এ উৎসব উদযাপন করছি।
পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, প্রশাসনের সার্বিক সহযোগিতায় ভক্ত ও দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা উপভোগ করতে পারছেন।