ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার সকালে শুরু হওয়া শুনানিতে তাঁর মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন ইসি। মামলার তথ্য সংক্রান্ত জটিলতায় মনোনয়নপত্র বাতিল হওয়ায় নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন।
বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক আহবায়ক ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটনের প্রার্থিতা পুনরুদ্ধার হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের জোয়ার। এ সিদ্ধান্তের পর থেকেই ত্রিশালজুড়ে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মধ্যে উল্লাস ও উদ্দীপনা দেখা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন ফিরে পাওয়ার খবরে নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও সমাবেশের মাধ্যমে প্রতিক্রিয়া জানান। তারা মনে করছেন, এই সিদ্ধান্তে আসনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এবং ভোটারদের কাছে বিএনপির পক্ষে আরো জোরালো প্রচারণা চালানো সম্ভব হবে।
ডা. মাহবুবুর রহমান লিটন এক প্রতিক্রিয়ায় বলেন, “ন্যায়বিচারের পক্ষে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমি কৃতজ্ঞ। ত্রিশালের মানুষের অধিকার ও উন্নয়নের পক্ষে কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে থেকে ভোটারদের কাছে আমাদের বার্তা পৌঁছে দেব।”
ডা. মাহবুবুর রহমান লিটন এক প্রতিক্রিয়ায় বলেন, “ আলহামদুলিল্লাহ, ত্রিশালবাসীর দোয়া ও ভালোবাসায় বাংলাদেশ নির্বাচন কমিশনের আপিল বিভাগ আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। এটি কোনো ব্যক্তিগত সাফল্য নয়-এটি ত্রিশালের মাটি ও মানুষের প্রতি ভালোবাসা, দীর্ঘদিনের দোয়া, ত্যাগ আর সংগ্রামের বিজয়। প্রিয় ত্রিশাল উপজেলার মা-বোন, ভাই, মেহনতি মানুষ, কৃষক, শ্রমজীবী, তরুণ সমাজ ও সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আমি গভীর ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের বিশ্বাস, সাহস আর পাশে থাকার শক্তিই আমাকে আজ এই পর্যায়ে পৌঁছে দিয়েছে।
ইনশাআল্লাহ, আপনাদের হাত ধরেই আমি লড়াই করবো ভোটের অধিকার, ন্যায়বিচার এবং একটি সুন্দর আগামীর ত্রিশাল গড়ার। অতীতের ন্যায় ত্রিশাল উপজেলার উন্নয়নের সকল কর্মকান্ডে আমি ছিলাম, আছি এবং ভবিষ্যৎতেও থাকবো। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই জনপদের মানুষের পাশে থাকার অঙ্গীকার রইলো সকলেই আমার জন্য দোয়া করবেন।
তিনি বলেন সকলে ঐক্যবদ্ধ থাকুন এবং সবার আগে বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসছে আগামী ১২ ফেব্রুয়ারি ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিন।”
বিএনপির স্থানীয় নেতারা জানান, মনোনয়ন পুনরুদ্ধারের ফলে কর্মীদের মনোবল আরো বেড়েছে। তারা ঐক্যবদ্ধভাবে প্রচার-প্রচারণা জোরদার করার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি করেন তারা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডা. লিটনের মনোনয়ন পুনরুদ্ধার ময়মনসিংহ-৭ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে আরও প্রাণবন্ত করবে এবং ভোটের মাঠে নতুন গতি সঞ্চার করবে।