জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি লিটন মিয়ার বাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ও ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করেছে।
সোমবার বার (২৬জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার চাপারকোনা পূর্বচর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
লিটন মিয়া ও স্থানীয়রা জানান, গভীর রাতে একদল দুর্বৃত্ত তার ঘরের দেয়াল লক্ষ্য করে পেপসির বোতলে ভরা পেট্রোল ও লাল স্কচটেপে মোড়ানো ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে।একই সময় দুর্বৃত্তরা তার ছোট ভাই মিজানুর রহমানের টিনের ঘরে এলোপাতাড়ি কুপিয়ে ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়। কিছুটা ক্ষয় ক্ষতি হলেও তেমন এতে কারো হতাহত খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা ধারণা করছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হতে পারে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি বাচ্চু মিয়া বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে,তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।