আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নিজের নাম ও ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা না চালানোর জন্য কঠোর নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান।
আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র কিংবা কমিশনার প্রার্থী—কেউ যেন অনলাইন বা অফলাইনে তার নাম ও ছবি ব্যবহার করে প্রচারণা না চালান।
তিনি স্পষ্ট করে বলেন, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, পোস্টার, লিফলেট কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো মাধ্যমে তার নাম বা ছবি সংযুক্ত করে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে হবে।
এমপি বলেন, ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে তার নাম–ছবি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা অনভিপ্রেত। বিষয়টি সকলকে গুরুত্বসহকারে বিবেচনা করার আহ্বান জানান তিনি।