চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আব্দুল আলিম (৫৫) নামের এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে উপজেলার বরুমছড়া ইউনিয়নের সওদাগর দিঘির পাড়ে মধুর দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত আব্দুল আলিম উপজেলার ৫ নম্বর বরুমছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কয়লা হাজীর বাড়ির মৃত জেলব মুলুকের ছেলে। এ ঘটনায় তিনি চারজনকে অভিযুক্ত করে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন, মো. জামাল (৬০), মো. ছোটন (৩০), মো. সাইদুল ইসলাম (২৩) ও এ.কে খান (২৪)। তারা সবাই বরুমচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা।
অভিযোগে বলা হয়, একই এলাকার আনোয়ার ইসলামদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি উভয় পক্ষের সম্মতিতে বিরোধীয় জমি পরিমাপ করা হলে তা বাদীর মৌরশী স্বত্বভুক্ত বলে প্রমাণিত হয়। তবে প্রতিপক্ষ জমির দখল ছাড়তে অস্বীকৃতি জানায়। এর জেরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন বাদী।
লিখিত অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন বিকেলে আব্দুল আলিম সওদাগর দিঘীর পাড় এলাকায় অবস্থানকালে অভিযুক্তরা তাকে ঘিরে ধরে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এসময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আনোয়ারা মেডিকেলে ভর্তি করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. জামাল বলেন, সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছিল। তিনি স্বীকার করেন, ওই সময় তিনি দুই-তিনটি থাপ্পড় মেরেছিলেন; তবে এর বাইরে বড় কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন।
অভিযোগের বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।