চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাছবাহী পিকআপের ধাক্কায় মোঃ সানি (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২২ মে) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বড় উঠান রাস্তার মাথা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ সানি বড় উঠান এলাকার মিতু কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা একটি মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এ সময় পিকআপটির ধাক্কায় সাইকেল আরোহী সানি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী শাকিল শাহ জানান, বড় উঠান রাস্তার মাথা এলাকায় উল্টো পথে দ্রুতগতিতে আসা একটি মাছবাহী পিকআপ সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, পিকআপের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।