রাজধানীর তুরাগ এলাকায় সংঘটিত ছিনতাই মামলার এজাহারনামীয় ও পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।
এ সময় ছিনতাইকৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানান,আজ বৃহস্পতিবার (১১ জুন) তুরাগ থানায় একটি ছিনতাই মামলা (মামলা নং-০৩) রুজু হয়। মামলার অভিযোগে বলা হয়, বাদীর গ্যারেজের চালককে ধারালো চাপাতি দিয়ে জখম করে তার ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাই করে নেওয়া হয়।
ঘটনার সময় স্থানীয় জনতার সহায়তায় মাহাবুব আলম (৩১) নামে এক আসামিকে আটক করা গেলেও অপর আসামিরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়, মামলা রুজুর পর আজ ভোর আনুমানিক সাড়ে ৫টায় এসআই সাদিকুর রহমান ও এসআই উজ্জ্বল মিয়া সঙ্গীয় ফোর্সসহ ধৃত আসামি মাহাবুব আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে তুরাগ থানাধীন নয়ানীচালা প্রত্যাশা ব্রিজের পূর্বপাশে পাকা রাস্তায় বিশেষ অভিযান চালান। অভিযান চালিয়ে মামলার সঙ্গে জড়িত দুই আসামি—মো. আরিফ সরকার (২৫) ও মো. আল-আমিন হোসেন (৩৪)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত প্রায় ৩ লাখ টাকা মূল্যের ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। একই সঙ্গে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতিও জব্দ করা হয়েছে।
এই বিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমজন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।