পূর্ব সুন্দরবনের শেলারচরে হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে শিকারীদের একটি ট্রলার।
আটক শিকারীদের আজ বৃহস্পতিবার (১১জুন) দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টহল টীমের বনরক্ষীরা সুন্দরবনে নিয়মিত টহলের সময় বুধবার (১০ জুন) সন্ধ্যায় সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ছাপড়াখালীর বনে শিকারীদের পেতে রাখা ফাঁদ দেখতে পায়। বনরক্ষীরা তল্লাশী করে বিপুল পরিমাণ ফাঁদ উদ্ধার এবং চার শিকারীকে আটক করে। ঘটনাস্থলের অদুরে খাল থেকে শিকারীদের একটি ট্রলার জব্দ করেন বনরক্ষীরা। আটক শিকারীরা হচ্ছে, সোলায়মান হাওলাদার (৪০), রাসেল (৩৮), নয়ন বিশ্বাস (১৭), ও নুর আলম (১৮)। এদের বাড়ী শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামে।
অপরদিকে, সুন্দরবনে মাছ ধরায় নিষিদ্ধ সময়ে সুপতি বনাঞ্চলের ডোরা এলাকার সাইডখালে বুধবার বিকেলে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলার ও জাল সহ ৩ জেলেকে হাতেনাতে আটক করেন বনরক্ষীরা। আটক জেলেরা হচ্ছেন, হিরু (৪০), আলমগীর (৩৫) ও তামীম মৃধা (১৯)। এদের বাড়ী বরগুনা জেলার ছোটপাথরঘাটা গ্রামে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন, শেলারচরের ছাপড়াখালী এলাকায় ফাঁদসহ আটক হরিণ শিকারীদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মামলার আসামীদের বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।##