আত্মহত্যা ও অপমৃত্যুর মতো উদ্বেগজনক সামাজিক সমস্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এবং বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার বেলাল হোসেন। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সমাজকর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
এসময় বক্তারা বলেন, আত্মহত্যা ও অপমৃত্যু বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও জনস্বাস্থ্যগত সমস্যা হিসেবে দেখা দিয়েছে। পারিবারিক কলহ, মানসিক চাপ, হতাশা, মাদকাশক্তি এবং সামাজিক অবক্ষয়ের মতো নানা কারণে এ ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এসব ঘটনা প্রতিরোধে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
এসময় বক্তাগণ মানুষের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি, কাউন্সিলিং কার্যক্রম জোরদার এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিতকরণেরর উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আত্মহত্যা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়া দিনব্যাপী এ কর্মশালায় আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে বিভিন্ন সুপারিশ প্রণয়ন করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সকল পক্ষকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত সামাজিক উদ্যোগের মাধ্যমে আত্মহত্যা ও অপমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।