ডেস্ক রিপোর্ট : ডিজেলের দাম বাড়ানোর ফলে দেশের তৈরি পোশাক খাতের উৎপাদন খরচ ৫ শতাংশ বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।
আজ (শনিবার) রাজধানীর গুলশানে হোটেল আমারিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গত দুই বছরে করোনার কারণে আমাদের তেমন কোনো কর্মসংস্থান তৈরি হয়নি। তাই বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে হলে প্রয়োজন ব্যবসা সহজ করা এবং নীতি স্থিতিশীল রাখা। এমন পরিস্থিতিতে তেলের দাম কমানোর বিষয়ে সরকারকে বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।
করোনার সময় আমাদের অর্ডার কমেছিল, এখন প্রচুর অর্ডার আসছে জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, অর্ডার বাড়লেও পণ্যের দাম এখনো তেমন বাড়েনি। আমরা পোশাকের মূল্য বাড়াতে কাজ করছি। পাশাপাশি আমাদের সদস্যদের বলছি তারা যেন তুলা, সুতাসহ অন্যান্য কাঁচামাল ও ফ্রেইট খরচ বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরবরাহকারীদের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে পণ্যের মূল্য নির্ধারণ করেন। তারা যেন কোনোভাবেই উৎপাদনের চেয়ে কম দামে পণ্যের অর্ডার না নেন।
এক প্রশ্নের উত্তরে বিজিএমইএ সভাপতি জানান, আগের চেয়ে এখন আমরা কিছুটা বাড়তি মূল্য পাচ্ছি, তবে উৎপাদন খরচ যেভাবে বেড়েছে সেই তুলনায় দাম পাচ্ছি না।