গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা প্যান্টেক্স মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি ভাড়া কক্ষ পুড়ে গেছে। এতে নগদ টাকা, আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল হারিয়ে অসহায় হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
অগ্নিকাণ্ডের পরদিন আজ (২৫ মে সোমবার) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা, তিন ভ্যান টিন ও শুকনো খাবার বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ ও রসুন।
উল্লেখ্য গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় বাসিন্দা হাফিজ উদ্দিনের ভাড়া দেওয়া বাড়িতে এ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন একের পর এক কক্ষে ছড়িয়ে পড়ে। সে সময় অধিকাংশ ভাড়াটিয়া কর্মস্থলে থাকায় ঘরগুলো তালাবদ্ধ ছিল। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে শুরুতে হিমশিম খেতে হয় স্থানীয়দের। পরে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে গাজীপুরের রাজেন্দ্রপুর–চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ১০ থেকে ১১টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।
বাড়ির মালিক হাফিজ উদ্দিন বলেন, আগুনে ভাড়াটিয়াদের নগদ অর্থ, আসবাবপত্র ও দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাজেন্দ্রপুর–চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম (পিএফএম) বলেন, স্থানীয়রা প্রথমে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার কথা বললেও ঘটনাস্থলে বিস্ফোরণ বা গ্যাস লিকেজের কোনো আলামত পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লি, সদস্যসচিব আবু বকর সিদ্দিক চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন, গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইউনুস আলী নসমিয়া, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ এবং গাজীপুর জেলা ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম।