টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা ও পৌর বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার পৌর এলাকার ঘাটাইল বাস স্ট্যান্ড সদর মসজিদ সংলগ্ন এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঘাটাইল বিএনপির সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা এডভোকেট এসএম ওবায়দুল হক নাসির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ বিল্লাল হোসেন, পৌর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলালসহ ঘাটাইল উপজেলা,পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল,জাসাস, জিয়া মঞ্চ, জনতা দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির বলেন, এই বিএনপি জনগণের বিএনপি, বিএনপির প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস রয়েছে, বিএনপির জনগণের কথা বলে, বিএনপি ন্যায়ের কথা বলে, বিএনপি মানুষের অধিকারের কথা বলে, বিএনপি দেশের উন্নয়নের কথা বলে। ঘাটাইলের মাটিতে কোন সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের স্থান নেই। বিএনপি’র কোন নেতাকর্মী এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত থাকলে তাদেরকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে। তিনি বলেন, বর্তমান সরকারকে বিএনপি সহযোগিতা করেছে , সহযোগিতা করছে। আগামী ডিসেম্বরের মধ্যে অবিলম্বে একটি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে বাংলাদেশের দায়িত্বের ক্ষমতা অর্পণ করতে হবে।