ময়মনসিংহের নান্দাইলে দুর্যোগ মোকাবিলা ও সামাজিক সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য জিআর (গ্র্যাটুইটাস রিলিফ) চাল, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (১৯ জুন) বিকেলে নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে এসময় নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির,সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক বাবু পল্লব রায়, যুবদল নেতা কামরুজ্জামান রাসেল সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপকারভোগী সহ সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। দুর্যোগকালীন সহায়তার পাশাপাশি প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সরকারি সহায়তা যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
পরে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে জিআর চালের বরাদ্দপত্র, দুস্থ পরিবারের সদস্যদের মাঝে ঢেউটিন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। এসময় সকল উপকারভোগীরা এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রমের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।