উপজেলার লেলাং-এ অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লেলাং ইউনিয়নের রায়পুর মৌজার এক নং খতিয়ানের ৩৪৭৩ দাগের ৭২ শতাংশ এবং ৩৫০১ দাগের ৩৯ শতাংশসহ মোট ১.১১ একর খাস জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে ছিল।
মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মুহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ দখলদারের স্থাপিত সাইনবোর্ড অপসারণ করে জমিটি প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়। উদ্ধার জমির বর্তমান বাজারমূল্য দুই কোটি টাকারও বেশি বলে জানা গেছে।
অভিযানে লেলাং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. হানিফসহ ভূমি অফিসের সার্ভেয়ার মাসুম বিল্লাহ সহ অন্যান্য কর্মকর্তা ও গ্রাম পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন, সরকারি খাস জমি রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
উদ্ধারকৃত জমিতে সরকারি সাইনবোর্ড টাঙানো হয়েছে। সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।