বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের ছোটকুমিড়া ঝোপগাড়ি এলাকায় একটি খাল থেকে ৬টি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মোঃ রাকিবুল রহমান ও তার বাবা আঃ জলিল শেখ খালের পানি চলাচলের সুবিধার্থে আবর্জনা পরিষ্কার করছিলেন। এ সময় কাপড়ে মোড়ানো লোহার মতো কিছু একটি ব্যাগে পেয়ে তারা সেটি খুললে ভেতরে গ্রেনেড সদৃশ বস্তু দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা বগুড়া সদর থানায় বিষয়টি অবহিত করেন।
সংবাদ পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত গ্রেনেডগুলো নিজেদের হেফাজতে নেন। পরে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দলও সেখানে পৌঁছে গ্রেনেডগুলোকে নিরাপদে পানিভর্তি বালতিতে ডুবিয়ে রাখে।
স্থানীয় লোকজন ও পুলিশ বলছে, উদ্ধারকৃত বোমা সদৃশ গ্রেনেডগুলো অনেক পুরানো। তাদের ধারনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালিন সময়কার হতে পারে।
স্থানীয়রা জানান, হঠাৎ এভাবে বোমা সদৃশ জিনিস উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এ রিপোর্ট লেখা পর্যন্ত।