বগুড়ার সোনাতলায় ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার (২৮ সেপ্টেম্বর) মাসিক সমন্বয় সভা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা ফিল্ড সুপারভাইজার মাওলানা আব্দুল মজিদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ফাউন্ডেশন বগুড়া জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার শেরে আলম সরদার। তিনি, শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে নৈতিকতা, সঠিক পাঠদান পদ্ধতি এবং সমাজে ইসলামী শিক্ষার বিস্তারে তাদের ভূমিকা তুলে ধরেন।
মডেল শিক্ষক মাওলানা শাহার আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মডেল কেয়ারটেকার জিল্লুর রহমান, উপজেলা যুবদলের অন্যতম সদস্য জিয়াউল হক আকন্দ সাগর, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহীন এবং সাধারণ কেয়ারটেকার আব্দুল হামিদ প্রমুখ।
আলোচকরা বলেন, ইসলামী ফাউন্ডেশন সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং সঠিক তথ্যভিত্তিক ইসলামী শিক্ষা প্রচারের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সভা শেষে আগামী মাসের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয় এবং উপস্থিত সবাই ইসলামী ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল করতে সহযোগিতার আশ্বাস দেন।