বগুড়ার সোনাতলায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে তানজিলা খাতুন (২৪) নামে নয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তানজিলা খাতুন সোনাতলা থানার নিশ্চিন্তপুর দক্ষিণপাড়া গ্রামের মো. শিহাব উদ্দিনের স্ত্রী ও আবু তাহের প্রামানিকের মেয়ে।
থানা সূত্রে জানা গেছে, পারিবারিক অভিমান থেকে তানজিলা বিকেলে বাবার বাড়ির শয়নঘরে গোপনে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বমি করতে থাকেন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশাযোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার সাবগ্রাম এলাকায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় খবর পেয়ে সোনাতলা থানার এসআই (নিঃ) মো. শামীম রেজা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।