মুন্সীগঞ্জ শহরে পূর্ববিরোধের জেরে আলমগীর মন্ডল (৩৫) নামের এক যুবককে গাছে বেঁধে দুই পায়ের রগ কেটে ও মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে চিহ্নিত এক মাদক কারবারী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের রঞ্চপাড়ুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আলমগীরকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
আলমগীর শহরের পশ্চিম দেওভোগ এলাকার আশেক মন্ডলের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
আহতের ভাই লালন মন্ডল জানান, এর আগেও বৈখর এলাকার চিহ্নিত মাদক কারবারী বাবু মিজি তার ভাইয়ের ওপর হামলা চালিয়েছিলেন। ওই ঘটনায় মামলা চলমান রয়েছে। সেই মামলার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় আলমগীরকে একা পেয়ে রঞ্চপাড়ুলপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়।
তিনি অভিযোগ করেন, হামলাকারীরা আলমগীরের দুই পায়ের রগ কেটে দেয় এবং মাথায় আঘাত করে গুরুতর জখম করে।
আহত আলমগীর বলেন, বাবু মিজির নেতৃত্বে ৪ থেকে ৫ জনের একটি দল তাকে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে ফেলে। পরে ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের রগ কেটে দেওয়া হয়। স্থানীয় লোকজন পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও দাবি করেন, অভিযুক্ত বাবু মিজির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাগিব এহসান জানান, ধারালো অস্ত্রের আঘাতে আহতের দুই পায়ের রগ কেটে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।