আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সফিকুল আলম আলমাস লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন।
সাবেক যুবদল নেতা ও বর্তমান পৌর বিএনপি নেতা হিসেবে পরিচিত এই রাজনীতিক ইতোমধ্যে “অত্যাধুনিক পৌরসভা ও জনবান্ধব প্রশাসন” গড়ার প্রত্যয় নিয়ে রায়পুর পৌর শহরের বিভিন্ন অলিগলি চষে বেড়াচ্ছেন।
দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সফিকুল আলম আলমাস তৃণমূল নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে থেকে এলাকায় বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন। আসন্ন নির্বাচনকে ঘিরে তিনি নিয়মিত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং নিজের প্রার্থীতার বিষয়টি জানান দিচ্ছেন।
এ সময় সাধারণ ভোটাররাও তাদের এলাকার বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা তার কাছে তুলে ধরছেন। তিনি মনোযোগ দিয়ে সেসব সমস্যা শুনছেন এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দিচ্ছেন।
নিজের প্রার্থীতার বিষয়ে স্পষ্ট করে সফিকুল আলম আলমাস বলেন, “আমি কোনো ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার মোহে নয়, বরং রায়পুর পৌরবাসীর প্রকৃত সেবক হয়ে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, কাগজে-কলমে রায়পুর পৌরসভা প্রথম সারির স্বীকৃতি পেলেও বাস্তবে এখনো দৃশ্যমান উন্নয়ন তেমনভাবে চোখে পড়ে না। তাই দীর্ঘদিনের অবহেলিত এই জনপদকে আধুনিক, ডিজিটাল ও মাদকমুক্ত পৌরসভা হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য।
সফিকুল আলম আলমাস বলেন, “পৌর সেবা প্রতিটি নাগরিকের অধিকার। সেই অধিকার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি শতভাগ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবো ইনশাআল্লাহ।”
প্রসঙ্গত, আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রায়পুর পৌরসভা এলাকায় ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উৎসাহ দেখা দিয়েছে।