আসন্ন রৌমারী উপজেলা পরিষদ নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে দুইবারের নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা স্মৃতি।
ইতোমধ্যে তার প্রার্থিতা ঘোষণার পর এলাকায় ব্যাপক সাড়া ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এ নিয়ে ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে।
দুই মেয়াদে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে মাহমুদা স্মৃতি শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে স্থানীয়রা জানান। বিশেষ করে নারী ক্ষমতায়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ তাকে সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে।
এলাকাবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ, মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং উন্নয়নমূলক কার্যক্রমে আন্তরিকতার কারণে তিনি ইতোমধ্যে রৌমারীর একজন পরিচিত ও আস্থাভাজন জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি পেয়েছেন।
মাহমুদা স্মৃতি বলেন, “আগের দুই মেয়াদে আমি জনগণের সহযোগিতায় রৌমারীর উন্নয়নে কাজ করেছি। অসমাপ্ত কাজগুলো শেষ করা এবং উপজেলার সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে আমি আবারও নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তবে কোন পদে নির্বাচন এখনো চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি নাই। জনগণ যেভাবে চাইবে সেই পদেই নির্বাচন করবো। আমি আশাবাদী, জনগণ আমাকে আবারও তাদের সেবা করার সুযোগ দেবেন।”
স্থানীয় অনেকেই মনে করছেন, অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে আসন্ন নির্বাচনে মাহমুদা স্মৃতি শক্ত অবস্থানে থাকবেন। এলাকাবাসীর প্রত্যাশা, তিনি পুনরায় নির্বাচিত হলে রৌমারী উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।