রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মো. মামুনুর রশীদের সঙ্গে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতাকর্মীদের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
আজ বুধবার (৩ জুন,২০২৬) সকালে হাসপাতালে পরিচালকের কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় ড্যাব-সমর্থিত চিকিৎসক ও নেতারা পরিচালকের নিয়োগের বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তাকে ‘স্বৈরাচারের লোক’ আখ্যা দেন। একপর্যায়ে এক নেতা বলেন, ‘আমরা এই মেডিক্যাল কলেজের ছাত্র, কর্মরত ডাক্তার, স্টাফ, নার্স, টেকনোলজিস্ট—জাতীয়তাবাদী আদর্শের কোনো সৈনিকই আপনাকে চায় না। কেউ আপনাকে চায় না।
বক্তারা দাবি করেন, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. মো. মামুনুর রশীদকে গত ২১ মে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ওই দিনই দায়িত্ব গ্রহণ করেন। তবে তার নিয়োগ নিয়ে হাসপাতালের একটি অংশের মধ্যে অসন্তোষ রয়েছে বলেও তারা উল্লেখ করেন।
বাগবিতণ্ডার সময় ডা. মামুনুর রশীদকে উদ্দেশ করে ড্যাব নেতারা বলেন, ‘আপনি ড্যাবের নির্দেশনা অনুসরণ করেননি। গায়ের জোরে এখানে এসেছেন। আপনাকে কাজ করতে দেওয়া হবে না।’
আরেকজন বলেন, প্রথম দিন আপনি অন্য জায়গার লোক নিয়ে এসেছেন, পরের দিন জনবল নিয়ে এসেছেন। আপনার কারণে বহিরাগতরা হাসপাতালে আসছে এবং কর্মপরিবেশ নষ্ট হচ্ছে। এ সময় নিজের অবস্থান ব্যাখ্যা করে ডা. মো. মামুনুর রশীদ বলেন, আমাকে বদলি করে দেন, আমি রাজি আছি। আপনারা বদলি করে দেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয়পক্ষের মধ্যে কয়েক দফা কথা কাটাকাটি হয়। পরে ডা. মামুনুর রশীদ দুই দিনের সময় চান। এ বিষয়ে হাসপাতাল প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।