চট্টগ্রামের আনোয়ারায় সংঘটিত একটি চাঞ্চল্যকর সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাটিও উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন রাত সাড়ে ১০টার দিকে বাঁশখালী উপজেলার গুনাগড়ি সিএনজি স্টেশন থেকে চালক সাইফুদ্দিন (১৮) দুই যাত্রীকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মালঘর বাজারে পৌঁছে দেওয়ার জন্য রিজার্ভ ভাড়ায় নেন। পথে কালাবিবির দিঘীর মোড়ে যাত্রীরা চা-নাস্তা করেন এবং চালককেও আপ্যায়ন করেন।
পরবর্তীতে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে আরও দুই ব্যক্তি সিএনজিতে ওঠেন। এরপর তারা মালঘর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে আনোয়ারা সদর ইউনিয়নের বিলপুর-বারখাইন সড়কের মাথায় পৌঁছালে যাত্রীবেশী ছিনতাইকারীরা চালককে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লোহার পাইপ দিয়ে মারধর করে আহত করে।
একপর্যায়ে তারা চালকের কাছে থাকা নগদ ৩ হাজার ২০০ টাকা, প্রায় ৩৩ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন এবং সিএনজি অটোরিকশা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী চালকের অভিযোগের ভিত্তিতে সিএনজির মালিক গোলাম কুদ্দুসের দায়ের করা এজাহারের পর আনোয়ারা থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা রুজু করা হয়।
ঘটনার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে। অভিযানে গত ৪ জুন রাত ১০টা ৩৫ মিনিটে বোয়ালখালী উপজেলার কালুরঘাট ব্রিজের নিচ এলাকা থেকে আন্তঃজেলা সিএনজি ছিনতাই চক্রের সদস্য মো. কাদের (১৯) ও নাহিদুল ইসলাম নাহিদ (২২)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দখল থেকে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই আসামি তাদের সহযোগীদের নিয়ে ভুক্তভোগী চালককে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে সিএনজি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “ঘটনার সঙ্গে জড়িত মূল আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকি অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে আনোয়ারা থানা কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।