ফটিকছড়ি উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত গঠন করে খিরাম, ভুজপুর ও নারায়নহাটে অভিযান চালিয়েছে।
বৃহস্পতিবার উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে জরিমানা ও বালি জব্দ করা হয়। খিরাম ইউনিয়নে অবৈধভাবে মাটি কর্তন করায় আব্দুল করিম নামক এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ভূজপুর ইউনিয়নের কোটবাড়িয়া নামক স্থানে অবৈধভাবে হালদা নদী থেকে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত স্থান থেকে ৭’শ ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু স্পট নিলামপূর্বক রাষ্ট্রীয় কোষাগারে ৪৩ হাজার ৭৫০ টাকা জমা করা হয়।
এছাড়া, নারায়ণহাট ইউনিয়নের হালদার কুল নামক স্থানে অবৈধ বালু জব্দ করে স্পট নিলামে বিক্রয়পূর্বক ১২ হাজার ৫’শ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়। অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান।