নেত্রকোনার কলমাকান্দাকে আগামী ৫০ বছরের টেকসই মহাপরিকল্পনার আওতায় এনে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কলমাকান্দা উপজেলা প্রশাসন আয়োজিত বাইপাস সড়ক নির্মাণ ও বাজার উন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, “উন্নয়নের প্রশ্নে কোনো বিভেদ নয়। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক কলমাকান্দা গড়ে তুলতে হবে।” তিনি জানান, নির্বাচনের আগে এসব প্রতিশ্রুতি না দিলেও, নির্বাচিত হওয়ার পর ইতিমধ্যেই সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগসহ সংশ্লিষ্টদের সাথে নিয়ে কয়েক মাস ধরে এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করা হয়েছে।
যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন কলমাকান্দা, মধ্যনগর, দুর্গাপুর ও বারহাট্টাকে সংযুক্ত করতে একটি বৃহৎ সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা হবে। প্রস্তাবিত বাইপাস সড়ক ও নতুন সেতুর মাধ্যমে মধ্যনগরের সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এছাড়া, দুর্গাপুর-কলমাকান্দা এবং পাঁচগাঁও সড়ককে এলজিইডি থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে এনে মহাসড়কে উন্নীত করার প্রক্রিয়া চলছে। নেত্রকোনা থেকে পাঁচগাঁও পর্যন্ত আধুনিক মহাসড়কটি সীমান্ত সড়কের সাথে যুক্ত হবে। মহাদেও ও সোমেশ্বরী নদী এবং লেংগুড়া বাজারে একাধিক সেতু নির্মাণের মাধ্যমে হালুয়াঘাট, ধোবাউড়া ও শেরপুর পর্যন্ত যাতায়াত সহজতর হবে। একটি সমন্বিত আধুনিক বাসস্ট্যান্ডও নির্মাণ করা হবে।
শিক্ষা, ক্রীড়া ও অবকাঠামো উন্নয়ন ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কেবল নামমাত্র পৌরসভা নয়, আগে নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। কলমাকান্দায় একটি টেকনিক্যাল ট্রেনিং স্কুল, কয়েকটি কলেজ ও একটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি যুবসমাজকে মাদকমুক্ত রাখতে আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে।
ঐতিহ্যবাহী কলমাকান্দা বাজার আধুনিকায়নে জেলা পরিষদের অতিরিক্ত ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ট্রলারঘাট ও মাছ মহালের উন্নয়নকাজ শুরু হয়েছে।
নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মো. নূরুজ্জামান, সওজ প্রকৌশলী, বিভিন্ন রাজনৈতিক দল, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে ডেপুটি স্পিকার উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শন করেন।