পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া গ্রামের কৃতি সন্তান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা এ্যাডঃ মনিরুল ইসলাম সোহাগ-কে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের ৩নং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হওয়ায় এ্যাডঃ মনিরুল ইসলাম সোহাগের নিজ উপজেলা ভান্ডারিয়া সহ পিরোজপুর জেলার রাজনৈতিক অঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
এর পূর্বে এ্যাডঃ মনিরুল ইসলাম সোহাগ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাবেক সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলের সাবেক সাধারণ সম্পাদ, সাবেক ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক স্কুল কমিটির (১৯৯৩-৯৪) সভাপতির দায়িত্ব পালন করেন।
পাশাপাশি তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা ইউনিটের বিশেষ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় এ্যাডঃ মনিরুল ইসলাম সোহাগ দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাঁকে যুবদলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করেন স্থানীয় ও দলীয় নেতাকর্মীরা।
নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ মনিরুল ইসলাম সোহাগ এক প্রতিক্রিয়ায় বলেন, আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি বিএনপি’র চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমি দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে ধারণ করে যুবসমাজকে প্রচলিত পদ্ধতির ঊর্ধ্বে থেকে বর্তমান যুগপযোগি ভাবে সংগঠিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। দেশ, জনগণ এবং দলের স্বার্থে যুবদলকে আরও শক্তিশালী,গতিশীল ও মাদকমুক্ত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।
নতুন দায়িত্ব পাওয়ার পর নেতাকর্মীরা বিশ্বাস করেন, অ্যাডঃ মনিরুল ইসলাম সোহাগ তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে জাতীয়তাবাদী যুবদলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সক্ষম হবেন। তাঁর এই সাফল্য ভান্ডারিয়ার তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।