ফরিদপুরের নগরকান্দা ও গোপালগন্জ জেলার মকসুদপুর উপজেলায় মধ্যে দিয়ে প্রবাহিত কুমার নদ থেকে ফিরোজ শেখ (৫২) নামে এক যুবদল নেতার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের নিখরহাটি গ্রামের পাশ্ববর্তী কুমার নদ থেকে ওই যুবদল নেতার লাশ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ।
তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চর যশোরদী ইউনিয়নের নিখরহাটি ভোট কেন্দ্রের যুবদল কেন্দ্র কমিটির সভাপতি ছিলেন। নিহত ফিরোজ শেখ চর যশোরদী ইউনিয়নের নিকরহাটি পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা মৃত শাজাহান শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে স্থানীয় কয়েকজন নদে একটি লাশ ভাসতে দেখে তাৎক্ষণিকভাবে নগরকান্দা থানায় খবর দেন। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ বলেন, কুমার নদ থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছি। সাথে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।