দুই চাকার সাইকেলে চড়ে পুরো বাংলাদেশ ঘুরে অসাধারণ এক কীর্তি গড়লেন পটুয়াখালীর সাহসী যুবক সানাউল্লাহ চৌধুরী জুয়েল।
দেশের দক্ষিণ-পূর্বের শেষ প্রান্ত টেকনাফ থেকে শুরু করে উত্তরের শেষ সীমানা পঞ্চগড়ের তেঁতুলিয়া জিরো পয়েন্ট পর্যন্ত টানা সাইকেল চালিয়ে দেশের ৬৪টি জেলা সফলভাবে অতিক্রম করেছেন তিনি।
পটুয়াখালী থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দিনের পর দিন রোদ-বৃষ্টি উপেক্ষা করে, ক্লান্তিকে জয় করে প্যাডেলে প্যাডেলে এগিয়ে গেছেন জুয়েল। পথে পথে পাড়ি দিয়েছেন মাঠ-ঘাট, নদী-সেতু, শহর-গ্রাম। অবশেষে পঞ্চগড়ের তেঁতুলিয়া জিরো পয়েন্টে পৌঁছে সফলভাবে সম্পন্ন করলেন এই অবিশ্বাস্য অভিযান।
যাত্রা শেষে উচ্ছ্বসিত জুয়েল বলেন, “এই দেশটা আমার, এই মাটি আমার — সেটা দুই চাকায় ঘুরে নিজে অনুভব করতে চেয়েছিলাম। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে।”
স্থানীয়রা জানান, যেখানেই গেছেন জুয়েল, সেখানকার মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। অনেক জায়গায় তরুণ-তরুণীরা তার সাথে কিছুটা পথ সাইকেল চালিয়ে উৎসাহ দিয়েছেন।
জুয়েলের এই অদম্য যাত্রা দেশের তরুণ প্রজন্মের কাছে সাহস ও অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সবাই।