গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সহজ ও দ্রুত বিচারপ্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে একটি বার্ষিক গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে অনুষ্টিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এতে সভাপতিত্ব করেন খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহারাব হোসেন সৌরভ।
ক্যাম্পেইনে গ্রাম আদালতের কার্যক্রম, সেবার ধরন, বিচারপ্রক্রিয়ার সহজীকরণ, স্বল্প খরচে ও দ্রুত ন্যায়বিচার প্রাপ্তির সুযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় জনগণের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর, সহজলভ্য ও জনবান্ধব ব্যবস্থা। এর মাধ্যমে সাধারণ মানুষ অল্প সময়ে এবং কম খরচে ন্যায়বিচার পেতে সক্ষম হচ্ছেন। ফলে আদালতমুখী মামলার চাপ কমার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতেও গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণের জ্ঞান ও আগ্রহ বৃদ্ধি করবে এবং স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখবে।