বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর- ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপি ক্ষমতায় যেতে পারলে প্রতিটি ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে। সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করা হবে, যাতে এখানকার মানুষকে চিকিৎসার জন্য আর অন্য কোথাও যেতে না হয়।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে শৈলডুবি মাতুব্বার বাড়িতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, নির্বাচন আসবে, আবার চলে যাবে, কিন্তু আমার সঙ্গে আপনাদের সম্পর্ক আত্মার সম্পর্ক। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাবো।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি কিংবা দখলবাজির মতো কোনো অপরাধে জড়িত থাকে, তবে তাকে তার চরম মূল্য দিতে হবে।
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনির মোল্যা, নগরকান্দা উপজেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, বিএনপি নেতা হাসান মাতুব্বর, সেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলামসহ অসংখ্য নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।