পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট জেলার প্রাচীনতম সংবাদপত্র দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন,বস্তুনিষ্ঠ তথ্যভিত্তিক সত্য সংবাদ প্রচার করে দৈনিক জৈন্তাবার্তা পত্রিকা পাঠক মহলে নিজস্ব অবস্থান তৈরি করেছে।
তিনি বলেন, দৈনিক জৈন্তা বার্তা একটি প্রাচীনতম পত্রিকা যা দীর্ঘকাল ধরে সিলেটের গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে আসছে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে এই প্রত্যাশায় তিনি পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন,সিলেটে প্রবাসীদের জন্য অত্যাধুনিক রেস্ট হাউস নির্মাণ করা হবে এবং প্রবাসীরা যাতে দেশে আত্মসম্মানবোধ নিয়ে ফিরতে পারে,প্রবাসীদের সকল সুযোগ সুবিধার জন্য কাজ করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
গত শনিবার (৭ মার্চ) দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার প্রধান সম্পাদক কাওছার আহমদ শিপলুর আয়োজনে ইট পাথরের শহরে সারি সারি ভাবে টবে লাগানো ফুলের সৌরভে মনোরম পরিবেশে সিলেট মশরাফিয়া এস্টেট পাঠানপাড়া ইউনিক কারওয়াশ দক্ষিণ সুরমা কার্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সম্পাদক ফারুক আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠন, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার সুধী জনের প্রাণবন্ত উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন, আগামী দিনেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে সিলেটের উন্নয়ন ও অগ্রগতিতে অগ্রণী ভূমিকা পালন করবে।
অতিথিবৃন্দ এমন সুন্দর সুশৃংখল আয়োজনের জন্য আয়োজকের প্রতি প্রশংসা করে বলেন,এমন আয়োজন গণমাধ্যম কর্মীদের কাজের আগ্রহ, কাজের প্রতি দায়িত্বশীলতা বাড়াবে এবং পরিচিতির পরিধির পরিসর বৃদ্ধি সহ দৃঢ় সম্পর্কের অটুট বন্ধন তৈরি করবে বলে তারা মন্তব্য করেন।
ইফতার পূর্ব দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দৈনিক জৈন্তা বার্তা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন পত্রিকার সম্পাদক ফারুক আহমদ।
সম্পাদক মন্ডলির সভাপতি রেজাউল করিম নাচন,সম্পাদক ফারুক আহমদ,বাপ্পা ঘোষ ও প্রকাশক মাসুম ইফতেখার রসুল শিহাব,রাজীব রাসেল এবং গোয়াইনঘাট প্রতিনিধি নজরুল ইসলামসহ পত্রিকা সংশ্লিষ্টদের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিল অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয় এবং প্রধান সম্পাদকের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন,মোহাজিরুল ইসলাম রাহাত।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাব,জেলা প্রেস ক্লাব সিলেট অনলাইন প্রেসক্লাবের বর্তমান ও সাবেক দায়িত্বশীল নেতৃবৃন্দ।