নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় চলন্ত পিকআপ ভ্যানে অস্ত্রের মুখে নগদ টাকা ও দুই বস্তা তামা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অজ্ঞাতনামা ৩-৪ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. কাউসার (৩০)।
অভিযোগ সূত্রে জানা যায়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা মো. কাউসার দীর্ঘদিন ধরে বন্দর উপজেলার মালিবাগ তবলপাড়া এলাকায় অবস্থিত একটি কোম্পানিতে চাকরি করে আসছেন। বুধবার সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটে কোম্পানির পিকআপ ভ্যানে মালামাল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে নবাবপুর যাওয়ার পথে সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকার কিউট ফ্যাক্টরির সামনে যানজটের কারণে গাড়িটি থেমে যায়।
এসময় অজ্ঞাতনামা ৩-৪ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পিকআপে উঠে পড়ে। তাদের হাতে রামদা, চাইনিজ ছুরি ও লোহার পাইপ ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে দুর্বৃত্তরা পিকআপে থাকা কাউসার, সেলসম্যান মহারাজ (৩৫) ও হেলপার ইসরাফিলের (২২) গলায় অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ প্রায় ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। একই সঙ্গে পিকআপের পেছনে থাকা কোম্পানির তিন বস্তা তামার মধ্যে দুই বস্তা তামাও নিয়ে যায় তারা।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ছিনিয়ে নেওয়া তামার ওজন প্রায় ৩৩ কেজি ৫০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা। ভুক্তভোগীদের দাবি, তারা ডাক-চিৎকার করলে দুর্বৃত্তরা তাদের মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী কাউসার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।