সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিয়মিত বিচারকাজ পরিচালনার জন্য ৫৪টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে সুপ্রিম কোর্টে আগামী রোববার (৯ জুলাই) থেকে নিয়মিত কার্যক্রম চলবে।
প্রধান বিচারপতির নির্দেশনা দেওয়া এ সংক্রান্ত নোটিশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, ‘আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, আগামী ৯ জুলাই রোববার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত বেঞ্চগুলো গঠন করা হলো।’
নোটিশে একক ও দ্বৈত মিলে মোট ৫৪টি বেঞ্চের নাম বিচারিক এখতিয়ারসহ উল্লেখ করা হয়েছে। বেঞ্চগুলোর মধ্যে ৩০টি দ্বৈত বেঞ্চ এবং ২৪টি একক বেঞ্চ।
প্রসঙ্গত, গত ২২ জুন থেকে ৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ছিল। পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে সুপ্রিম কোর্টে।