বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন গনতন্ত্র ফিরে পেতে হলে জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। দ্রুত সংষ্কার প্রক্রিয়া শেষ করে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
গতকাল শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দার এম এন একাডেমি মাঠে বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ উপরোক্ত কথা বলেন ।
শামা ওবায়েদ আরো বলেন, বিগত ১৫ বছরে শেখ হাসিনা দেশের নির্বাচন ব্যবস্থাকে তামাশায় পরিনত করেছে। ২০১৪ সালে একদলীয় নির্বাচন, ২০১৮ সালে আগের রাতের ভোট এবং ২০২৪ সালে আওয়ামী আর ড্যামীর নির্বাচন দেখেছে বাংলাদেশের জনগন।
নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার,নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাসান টিটু প্রমুখ।