ময়মনসিংহের জেলার ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে চাচাতো ভাইয়ের লোহার রোডের আঘাতে জেঠাতো ভাই ইদ্রিস আলী (৪৫) নিহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, সম্প্রতি মাটি কাটার লরি দিয়ে বিরোধীয় জমির উপর নির্মাণাধীন ঘরের পিলার ভেঙে ফেলা হয়। গত রোববার সকালে ওই জমিতে পিলারের রড বের করতে গেলে জেঠাতো ভাই ইদ্রিস আলীর সাথে রিয়াজ উদ্দিনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রিয়াজ উদ্দিন ও তার ছেলে শাহজাহান লোহার রড দিয়ে ইদ্রিস আলী ও তার ছেলে কাজলসহ চারজনের মাথায় আঘাত করে। গুরুতর আঘাতপ্রাপ্তদের প্রথমে ফুলবাড়িযা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন ইদ্রিস আলীর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা রেফার্ড করেন। গত রোববার সন্ধ্যার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ইদ্রিস আলীর ভাবি শেফালী বেগম ফুলবাড়িয়া থানায় হত্যা মামলা করেছেন।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুজ্জামান খান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।