হাম রোগে আক্রান্ত শিশু রোগী ও তাদের সেবায় নিয়োজিত চিকিৎসক , সেবিকা ও পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ময়মনসিংহ ইউনিট।
আজ রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাইজিন পার্সেল বিতরণ করেন ময়মনসিংহ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এসময় তিনি হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেন এবং হাম আক্রান্ত শিশুদের মাঝে হাইজিন পার্সেল বিতরণ ও তাদের খোঁজখবর নেন। তিনি রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং অভিভাবকদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন । এসময় তিনি চিকিৎসক , সেবিকা , পরিচ্ছন্নতা কর্মী ও প্রহরীদের মাঝেও রেড ক্রিসেন্টের সুরক্ষা সামগ্রী বিতরণ করেন ।
সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, হাম একটি সংক্রামক রোগ হলেও সচেতনতা, পরিচ্ছন্নতা এবং সময়মতো টিকাদানের মাধ্যমে এর বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। তিনি বলেন, “মানবসেবাই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মূল লক্ষ্য। অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা সবসময় সহযোগিতা অব্যাহত রাখবো।”
অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ময়মনসিংহ ইউনিটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনোয়রুল ইসলাম টুটুল , ইউএলও হায়দার আলীসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাম রোগে আক্রান্ত শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়মিতভাবে বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।