ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা মাদকবিরোধী অভিযান জোরদার করা, শহরের যানজট নিরসনে ইজিবাইক ও অটোরিকশা নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালকে দালালমুক্ত ও সেবামুখী পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে স্পিডব্রেকার, সতর্কতামূলক সাইনবোর্ড এবং ট্রাফিক সিগন্যাল স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম এর সভাপতিত্ব উপস্থিত ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহা, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম,সালথা উপজলা নির্বাহী অফিসার দবিরউদ্দীন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য প্রফেসর মো. আবদুত তাওয়াব, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি এবং ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।
সভায় বিগত মাসের জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং সকল দপ্তরের সমন্বিত উদ্যোগে পরিস্থিতি আরও উন্নত করার আহ্বান জানানো হয়।