ঠাকুরগাঁওয়ে অসহায়- হতদরিদ্র ও চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের স্বাস্থ্য সেবায় সহযোগিতা প্রদানের লক্ষ্যে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ – ড্যাবের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে অনুষ্ঠিত এ ক্যাম্পে সদরসহ বিভিন্ন উপজেলার তিন শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
মেডিকেল ক্যাম্পে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঠাকুরগাঁও জেলা শাখার অভিজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত থেকে রোগীদের সেবা প্রদান করেন। এসময় চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন, ড্যাব ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ডা. নাদিরুল আজিজ চপল, সাধারণ সম্পাদক ডা. ফিরোজ জামান জুয়েল, কোষাধ্যক্ষ ডা. শিহাব মাহমুদ শাহরিয়ার সুজন, যুগ্ম সম্পাদক ডা. আব্দুল জব্বার, দপ্তর সম্পাদক ডা. মনজুর মোরশেদ, সদস্য ডা. আলী রেজা রাব্বীসহ দিনাজপুর ও রংপুর থেকে আগত একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তারা সকলেই সার্বক্ষণিকভাবে উপস্থিত থেকে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
চিকিৎসকগণ জানান, গ্রামীণ ও নিম্নআয়ের মানুষেরা নানা রোগে ভুগলেও অর্থের অভাবে অনেক সময় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প তাদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে। আয়োজকরা আরও জানান, ড্যাব সবসময় মানবিক দায়িত্ববোধ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে।
মেডিকেল ক্যাম্পে আগত রোগীরা বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। অনেকেই বলেন, নিয়মিতভাবে এমন ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হলে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে কমে আসবে।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।