ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে বিজিবি জানায়, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কারিগাঁও বিওপির একটি টহল দল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৫৪/৬-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি ভুট্টা ক্ষেতে তল্লাশি অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, “সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
সীমান্ত এলাকায় বিজিবির ধারাবাহিক অভিযানের ফলে মাদক ও চোরাচালান কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণে আসছে বলে মনে করছেন স্থানীয়রা।