ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী বাস ইউটার্ণ নেয়ার সময় বাস-সিএনজির সংঘর্ষে শিশুসহ তিন জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরও তিনজন। হতাহতরা সবাই সিএনজির যাত্রী।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সোনার ময়না পরিবহনের বাস ইউটার্ণ নেয়ার সময় ময়মনসিংহ থেকে ত্রিশালগামী যাত্রীবাহী সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর সাইফুল কমিশনার বাড়ি সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বৈলর ইউনিয়নের রুদ্রগ্রাম এলাকার এনামূল হক শামীমের মেয়ে রুবাইরা তাজনিম (২), সিএনজি অটোরিকশার চালক উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে শরিফুল ইসলাম (৩৩) ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সালমান আজাদী (২৫)।
ত্রিশাল থানার তদন্ত ওসি চাঁদ মিয়া জানান, ‘আজ সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনাটি ঘটে। এতে এক শিশুকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন এবং গুরুতর আহত আরও দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায়। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। ঘাতক বাসকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।