সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই বৈশ্বিক প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৮ মার্চ) দিনব্যাপী র্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অপরাজেয় বাংলাদেশ’-এর Space to Lead Project-এর উদ্যোগে সকাল ১০টায় উপজেলা কনফারেন্স হলে এ অনুষ্ঠানের সূচনা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ।
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের সহিংসতা প্রতিরোধের আহ্বান জানান।
উপজেলা কনফারেন্স হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অরুপ রতন সিংহ বলেন, “নারীর উন্নয়ন ও সমঅধিকার নিশ্চিত করতে হলে কেবল দিবস পালন করলেই হবে না, বরং মানসিকতার পরিবর্তন ও বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের এগিয়ে আসতে হবে। টেকসই উন্নয়নের জন্য নারী ও কন্যা শিশুদের অধিকার সুরক্ষা অপরিহার্য।”
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে অপরাজেয় বাংলাদেশ-এর উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আজমল হোসেন বলেন, “নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি জরুরি। আমাদের এই প্রকল্পের লক্ষ্যই হচ্ছে নারীদের নেতৃত্ব বিকাশে প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা।”
দিবসের অন্যতম আকর্ষণ ছিল “শিক্ষাই হচ্ছে নারী ক্ষমতায়নের মূল হাতিয়ার” শীর্ষক একটি ছায়া সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। যুক্তিতর্কের লড়াই শেষে দোয়ারাবাজার সরকারি মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং মুহিবুর রহমান মানিক গার্লস স্কুল রানার্স-আপ (দ্বিতীয় স্থান) অর্জন করে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সচেতন নারী প্রতিনিধি, কিশোরী ক্লাবের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে নারী অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।