ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারী সদরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় নীলফামারী সদর উপজেলার পুলিশ লাইন্স একাডেমি স্কুল কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম তুহিন।
ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, “দীর্ঘ সময় পর মানুষ নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে। ভোটারদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে—গণতন্ত্রের পক্ষে জনগণের অবস্থান স্পষ্ট।” তিনি শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
সকাল থেকেই কেন্দ্রটিতে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। নারী-পুরুষ, তরুণ ও প্রবীণ ভোটারদের উপস্থিতিতে কেন্দ্রজুড়ে ছিল উৎসবের আমেজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।
কেন্দ্রে ভোট দিতে আসা ভোটার উজ্জ্বল বলেন, “দীর্ঘ ১৭ বছর পর আমরা অনেক উচ্ছ্বাস ও প্রত্যাশা নিয়ে ভোট দিতে পারছি। জীবনে এমন পরিবেশ আগে পাইনি। আশা করছি ধানের শীষ জয়যুক্ত হবে।”
এদিকে জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নীলফামারীতে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে পারে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হওয়া এই ভোটগ্রহণের মাধ্যমে দেশ নতুন এক গণতান্ত্রিক অভিযাত্রার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন অনেকেই।